২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৯ মার্চ থেকে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। পরীক্ষা চলবে ২৭ মার্চ পর্যন্ত।
এবারই প্রথমবারের মতো চারটি ইউনিটে গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো- বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ‘এ’, মানবিকের জন্য ‘বি’, বাণিজ্যের জন্য ‘সি’ এবং আর্কিটেকচারের জন্য ‘ডি’ ইউনিট।
আরও পড়ুন: কারিগরি শিক্ষকদের বদলিতে নতুন জটিলতা
সূচি অনুযায়ী, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ মার্চ। পরদিন ২০ মার্চ নেওয়া হবে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা। আর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ।
এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হতো। সেগুলো ছিল ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ‘বি’ ইউনিট (মানবিক) এবং ‘সি’ ইউনিট (বাণিজ্য)। সে সময় আর্কিটেকচার বিষয়ের ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিটের পরীক্ষার দিনেই নেওয়া হতো।
তবে এবার আর্কিটেকচার বিষয়ের জন্য চালু করা হয়েছে পৃথক ‘ডি’ ইউনিট। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মূল কমিটির কো-কনভেনর এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জিএসটি গুচ্ছের দুটি বিশ্ববিদ্যালয়- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয় রয়েছে। এ কারণে এবার আর্কিটেকচারের জন্য পৃথক ইউনিট ও পৃথক সময়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র
উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একই দিনে সকাল ও বিকেলে ‘এ’ ইউনিট এবং আর্কিটেকচারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। অন্যদিকে, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা পৃথক দিনে আয়োজন করা হয়েছিল।

