সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের অর্থ ফেরত নিতে ৭৫ হাজার গ্রাহক আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে গ্রাহকদের দাবির পরিমাণ ৩ হাজার ৯২৫ কোটি টাকা।
পাঁচ ব্যাংকের গ্রাহকদের অর্থ পরিশোধের জন্য রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে ৫ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। আবেদন যাচাই-বাছাই শেষে সোমবার থেকে গ্রাহকদের অর্থ পরিশোধ শুরু হওয়ার কথা রয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে এ অর্থ ফেরতের জন্য আবেদন নেওয়া শুরু হয়।
আলোচ্য পাঁচ ব্যাংক হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। গত বছর এসব শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে অন্তর্বর্তী সরকার।
আরও পড়ুন: পিএসসির নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিলেন নাজমুজ্জামান ভূঁইয়া
ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। এ ছাড়া আমানত বীমা তহবিল থেকে ১২ হাজার কোটি টাকা দিয়ে আমানতকারীদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে পুরো অর্থ ফেরতের জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি স্কিম ঘোষণা করেছে।
গত ২৫ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকছে না। একই সঙ্গে ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী আমানতের মূল টাকা তুলতে পারবেন বলেও জানানো হয়।
আরও পড়ুন: এলএলবি পরীক্ষার বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাবের অর্থ এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলন করতে পারবেন। তবে আমানতের বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা এই সুবিধার আওতায় পাওয়া যাবে না।
কোনো গ্রাহক মূল টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতের ক্ষেত্রে সেটিকে পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। গ্রাহকের কোনো ঋণ বা দায় থাকলে টাকা ফেরতের আগে তা আমানতের অর্থ থেকে সমন্বয় করা হবে।
এদিকে যেসব গ্রাহক এখনই টাকা তুলবেন না, তারা হিসাব চালু রাখলে চুক্তি অনুযায়ী প্রযোজ্য হারে মুনাফা পাওয়ার সুযোগ পাবেন। তবে মেয়াদি আমানত মেয়াদপূর্তির আগে ভাঙলে মূল টাকা পাওয়া গেলেও ওই অর্থের ওপর মুনাফা পাওয়া যাবে না।
আরও পড়ুন: দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ পরিশোধ করা হবে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তবে টাকা উত্তোলনকে কেন্দ্র করে ব্যাংক শাখায় অতিরিক্ত ভিড় বা বিশৃঙ্খলা এড়াতে আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যাদের তাৎক্ষণিকভাবে অর্থের প্রয়োজন নেই, তাদের প্রথম দিনেই ব্যাংকে না এসে পর্যায়ক্রমে টাকা উত্তোলনের অনুরোধ করা হয়েছে।

