জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ জাতীয় সংসদের কার্যক্রমের ওপর নিবদ্ধ রয়েছে। তাই সংসদ সদস্যদের জ্ঞানগর্ভ আলোচনা, গঠনমূলক সমালোচনা ও যুক্তিনির্ভর বিতর্কের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান সংসদ শুধু একটি আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি বর্তমান সংসদকে ‘মজলুমের সংসদ’ হিসেবে উল্লেখ করে বলেন, অধিকাংশ সংসদ সদস্য অতীতে গুম, নির্যাতন, কারাবরণ, নির্বাসন কিংবা রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। এ কারণে এই সংসদ বিশ্বের ইতিহাসেও একটি ব্যতিক্রমধর্মী সংসদ।
ভারপ্রাপ্ত স্পিকার বলেন, সংসদ পরিচালনায় ন্যায়বিচার ও সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখাই তার প্রধান দায়িত্ব। একই সঙ্গে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দল—উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন: সরকারকে পাঁচ বছর দেশ চালাতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
তিনি আরও বলেন, জাতীয় সংসদই রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু। এখানে সরকারি ও বিরোধী দল উভয়েরই মতামত তুলে ধরা এবং গঠনমূলক সমালোচনার সমান সুযোগ থাকতে হবে। সুস্থ সংসদীয় চর্চা রাষ্ট্র ও জনগণের জন্য কল্যাণকর এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
কায়সার কামাল আশা প্রকাশ করেন, বর্তমান সংসদ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।

