বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বহুল আলোচিত রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ৫ মার্চ ট্রাইব্যুনাল রায়ের জন্য এ দিন ধার্য করেছিলেন।
আরও পড়ুন: ৪৮১ ‘অমুক্তিযোদ্ধা’র গেজেট বাতিল
মামলায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। গত ৩০ জুন ট্রাইব্যুনাল মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। বিচারিক প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
এ মামলায় ৩০ আসামির মধ্যে বর্তমানে ছয়জন গ্রেফতার রয়েছেন। তাঁরা হলেন—সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে সরকার অবৈধ: আসিফ মাহমুদ
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দেওয়া তাঁর সেই ছবি ও ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দেয়।

