‘আমি এখানে তথ্যমন্ত্রী হিসেবে, কারও আত্মীয় হিসেবে নয়’

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ|ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে প্রশ্ন করার সময় তাকে ‘আত্মীয়’ হিসেবে উল্লেখ করায় সাংবাদিককে আরও পেশাদারভাবে প্রশ্ন করার আহ্বান জানিয়েছেন নতুন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করতে গিয়ে বলেন, ‘পলাতক শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি হাদির খুনিদেরও ফেরত দেওয়ার জন্য বলেছে। কোনো আপডেট আছে কি না? কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে?’

আরও পড়ুন: মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জবাবে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘আমি আশা করছিলাম আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারও আত্মীয় হিসেবে নয়। আশা করি আরও প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন।’

একই প্রশ্নের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘জবাব দেওয়ার আগে আমি একটু যোগ করি, উনি (পার্থ) বহু বছর ধরে কার সঙ্গে ছিলেন? উনি কী করেছেন? এটা পরিষ্কারভাবে দেখা গেছে।’

পরে তথ্যমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন—এটা আমরা জানি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত আনার জন্য প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ভারতের কাছে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে ডাচ্‌-বাংলা ব্যাংক, মাসে ২৫০০ টাকা করে দেবে ২ বছর, আবেদন যেভাবে

তিনি আরও বলেন, ‘জানা মতে, ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতীয় পক্ষ আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে। আমার মনে হয়, রাজনৈতিকভাবে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি যদি আদালতের ওপর ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটি তার জন্য খুব একটা সুখবর হবে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু শেখ হাসিনা নন, বাংলাদেশের যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বিদেশে অবস্থান করছেন, আমরা তাদের সবাইকে দেশে ফেরত চাই।’

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!