রাজধানীর রমনার মৌচাক এলাকায় ছুরিকাঘাতে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে খুন করা হয়েছে। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ছিলেন।
আজ সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগ্নে মো. মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন তাকে মারধর করে। পরে বিষয়টি জানিয়ে তিনি তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে ঘটনাস্থলে ডাকেন।
আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত, জানালেন শিক্ষামন্ত্রী
রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই ঘটনার মীমাংসার জন্য সালিশ বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে কয়েকজনের সঙ্গে তর্কাতর্কি শুরু হলে বিল্লাল হোসেনকে লক্ষ্য করে ছুরিকাঘাত করা হয়। ছুরির আঘাতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
স্বজনরা জানান, বিল্লাল হোসেনের বাড়ি মালিবাগের বাগানবাড়ি এলাকায়। তিনি সেখানে বালু ও সিমেন্টের ব্যবসা করতেন। তার বাবার নাম মৃত ইউনুছ তালুকদার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি রমনা থানাকে জানানো হয়েছে।

