বিদ্যুতের দাম বাড়াল বিইআরসি, গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ১৯.৯৪ শতাংশ বৃদ্ধি

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)|ছবি: সংগৃহীত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। একই সঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য ১৯.৮৫ শতাংশ এবং সঞ্চালন চার্জ ২৩.৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন বিদ্যুৎ ট্যারিফ ঘোষণা করেন।

আরও পড়ুনঃ বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি

ঘোষণা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ১ টাকা ৫২ পয়সা বৃদ্ধি পেয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৮৫ শতাংশ এবং খুচরা পর্যায়ে ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া সঞ্চালন মাশুল বা চার্জ ২৩.৯৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

এর আগে গত ৩ থেকে ৬ মে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার এবং সঞ্চালন মাশুল বৃদ্ধির প্রস্তাব বিইআরসির কাছে জমা দেয়।

পরে ২০ ও ২১ মে অনুষ্ঠিত গণশুনানিতে রাজনৈতিক নেতা, ভোক্তা অধিকারকর্মী, ব্যবসায়ী এবং শিল্পোদ্যোক্তারা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন। তাদের মতে, বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও ভুল পরিকল্পনার দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।

আরও পড়ুনঃ তেল-গ্যাসের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম

আবেদনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রতি ইউনিটে ৮৫ পয়সা, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ১ টাকা ৭৭ পয়সা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ১ টাকা ৫৪ পয়সা, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ১ টাকা ৯৮ পয়সা, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ১ টাকা ৩৯ পয়সা এবং নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির প্রস্তাব করেছিল।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!