বগুড়ার নবগঠিত দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে ইউনিয়ন দুটির নামকরণ করা হয়েছে—এমন অভিযোগ ও বিতর্কের পর এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রী মৌখিকভাবে তাকে ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করতে বলেছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো লিখিত নির্দেশনা জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশনা পাওয়া গেছে। লিখিত নির্দেশনা পরে আসতে পারে। নির্দেশনা অনুযায়ী নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করা হবে।
আরও পড়ুন: জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
তিনি জানান, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নতুন করে গণশুনানির আয়োজন করা হবে। স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে ইউনিয়নের নতুন নাম নির্ধারণ করা হতে পারে।
তৌফিকুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) পুনরায় গণশুনানি করবেন। যেসব ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয় রয়েছে, সেখানে নতুন তারিখ নির্ধারণ করা হবে। ওই শুনানিতে স্থানীয় বাসিন্দাদের মতামত নেওয়া হবে এবং সেখান থেকে প্রস্তাবিত নাম বিবেচনায় আনা হবে।
এর আগে গত ১১ জুন জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় একটি ইউনিয়নের নাম রাখা হয় ‘মীরবাড়ী’।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
অন্যদিকে মোকামতলা উপজেলায় গঠিত তিনটি ইউনিয়নের নাম দেওয়া হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’। নতুন চার ইউনিয়নের মধ্যে মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত নাম নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নামের সঙ্গে মিল রেখে ‘মীরবাড়ী’ নামকরণ করা হয়েছে। পাশাপাশি তার বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নাম অনুসারে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম রাখা হয়েছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। রাজনৈতিক অঙ্গনেও এটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরবর্তীতে নামকরণ প্রক্রিয়া এবং গণশুনানির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে। বিষয়টি জাতীয় সংসদেও আলোচিত হয়।
আরও পড়ুন: মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ ৫৭ হাজার ৩০১ কোটি টাকা
সংসদে এ বিষয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসনের যাচাই-বাছাই ও গণশুনানির ভিত্তিতেই ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করা হয়েছে। নামকরণে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সৈয়দপুর ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকা গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম ‘সীমান্ত’ রাখা হয়েছে। আর ভৌগোলিক অবস্থান বিবেচনায় অন্য ইউনিয়নের নাম ‘দিগন্ত’ নির্ধারণ করা হয়েছে।
দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়ন দুটির নামের মিলকে তিনি সম্পূর্ণ কাকতালীয় বলে দাবি করেন।

