শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রায় ৪৫ বছর পর অবসরপ্রাপ্ত মেজর মোজাফ্ফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, গত রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মোজাফ্ফর হোসেনকে আটক করা হয়। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি সূত্রে জানা যায়, ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে মোজাফ্ফর হোসেন দেশ ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
তবে এ বিষয়ে তদন্ত বা মামলার পরবর্তী অগ্রগতি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

