রাজধানীর ভাটারায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বেকার যুবক ও শিক্ষার্থীদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ‘ড্রাগন শিল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে র্যাব।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম সোমবার (২৪ আগস্ট) সকালে এ তথ্য জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন—আবুল কালাম আজাদ (২৩), ইকবাল হোসেন (২৭), মাসুদ রানা (৪৫), মো. হাসান (৩০), আফসান আহাম্মেদ স্বপন (২৩) ও কবির হোসেন (৩১)।
আরও পড়ুন: নতুন লুকে হলান্ড, হতবাক সবাই
র্যাব জানায়, আবুল কালাম আজাদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, ইকবাল হোসেনকে দুই মাসের কারাদণ্ড, মাসুদ রানা ও মো. হাসানকে ১৫ দিনের কারাদণ্ড এবং আফসান আহাম্মেদ স্বপন ও কবির হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতিষ্ঠানটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত ছয়জনকে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, ভাটারা থানার কুড়িল এলাকার বাসা-ক-৪২-এ অবস্থিত ড্রাগন শিল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেডের কথিত সিকিউরিটি অফিসে রোববার (২৩ আগস্ট) অভিযান চালানো হয়।
র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে র্যাব-১-এর একটি আভিযানিক দল।
অভিযান চলাকালে চাকরির আশায় ওই প্রতিষ্ঠানে এসে টাকা দিয়ে প্রতারণার শিকার প্রায় অর্ধশত ভুক্তভোগীও সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: অক্টোবরেই বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল
র্যাবের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে নগদ অর্থ আদায় করে আসছিল।
অভিযানের পর প্রতারণার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

