চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা, প্রতিরোধে বিজিবি-জনতা

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী|ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনতার প্রতিরোধের মুখে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার (২০ জুন) ভোর ৫টার দিকে আন্তর্জাতিক সীমান্তের ১৭৭/২-এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুশইনের শিকার ২০ জনের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু ছিল। তাদের দীর্ঘ সময় আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করিয়ে রাখা হয়। পরে স্থানীয় জনতা ও বিজিবি কঠোর অবস্থান নিলে বিএসএফ তাদের সীমান্তের ভারতীয় অংশে প্রায় ৬০ গজ ভেতরে সরিয়ে নেয়।

আরও পড়ুন: ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে নাগরিক স্বীকৃতি দিল মিয়ানমার

ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় স্থানীয় জনতা বিজিবির সঙ্গে মিলে প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বিজিবি অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান নিলে দুপুর সোয়া ১২টার দিকে বিএসএফ ২০ জনকে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। তবে সীমান্ত এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়দের ভাষ্য, পুশইনের শিকার এসব মানুষকে গত ছয় থেকে সাত দিন ধরে ভারতের সুখদেবপুর সীমান্ত এলাকায় জড়ো করে রাখা হয়েছিল। দীর্ঘ সময় খোলা স্থানে অবস্থান করায় নারী ও শিশুরা অসুস্থ হয়ে পড়েন। পরে শনিবার ভোরে তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।

আরও পড়ুন: বিগত সময়ের তথ্যে কারসাজির তদন্ত করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১৭৮/৩-এস পিলারের নিকটবর্তী সুখদেবপুর এলাকায় বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। এর মাধ্যমে পুশইনের চেষ্টা সম্পূর্ণভাবে প্রতিহত করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কোনো ধরনের অবৈধ পুশইন মেনে নেওয়া হবে না।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!