দিনাজপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

জিটি রিপোর্ট

প্রকাশ:

শূন্যরেখায় ৯ নারী
শূন্যরেখায় ৯ নারী|ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে ৯ নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)—এমন অভিযোগ উঠেছে। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয় এবং নারীদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ২৯১/২০ এস সীমান্ত পিলারের পাশ দিয়ে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের গুজরাটের আমেনাবাদ এলাকা থেকে আনা ওই ৯ নারীকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।

পরে ওই নারীরা ভারতের অভ্যন্তরে শ্রীরামপুর এলাকার একটি বাঁশঝাড়ের পাশে, সীমান্তের শূন্যরেখা সংলগ্ন স্থানে অবস্থান নেন।

আরও পড়ুন: সেপ্টেম্বর অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

স্থানীয় ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম বলেন, ভোরের দিকে ভারত থেকে ৯ জন নারীকে খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবি ও স্থানীয়দের তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে ওই নারীরা সীমান্তের শূন্যরেখার কাছে অবস্থান করছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!