বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) বর্তমানে ফ্রিজিং কার্যক্রম চলছে। এটি শেষ হলে বিকেল থেকেই গ্যাস সঞ্চালন শুরু হবে। এতে গ্যাসের অভাবে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালু হবে। তবে পুরোপুরি স্বাভাবিক সরবরাহে দুই থেকে তিন দিন সময় লাগবে।
আরও পড়ুন: ফেসবুকে শেখ হাসিনার লাইভ শেয়ার: সাকিব আল হাসানের বাড়িতে হামলা
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভূতুড়ে বিল নিয়ে অভিযোগ জানাতে বলা হলেও অনেকেই আসেন না। তবে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল নিয়মিত বৈঠক। দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনা সম্পর্কে কিছু বলতে চাই না, উনি অনেক কিছুই বলেন। দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন।’

