শরীয়াহ্ভিত্তিক একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের—ব্যক্তিগত আমানতকারীরা আপাতত তাদের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। যাদের আমানত ২ লাখ টাকার বেশি, তাদের অবশিষ্ট অর্থ পর্যায়ক্রমে ধাপে ধাপে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আরও পড়ুন: কিছু সংশোধনীসহ অর্থবিল সংসদে পাস
অর্থমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত রক্ষাই সরকারের প্রধান লক্ষ্য। একীভূত হওয়া পাঁচ ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে আপাতত ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। একইভাবে ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) হিসাব থেকেও তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ২ লাখ টাকা উত্তোলনের সুযোগ থাকবে। বাকি অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘বিশেষ কিছু ক্ষেত্রে আমানতকারীদের জন্য মানবিক বিবেচনায় বড় ধরনের ছাড় রাখা হয়েছে। কিডনি ডায়ালাইসিস, ক্যান্সারসহ বিভিন্ন জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত আমানতকারী এবং যারা হজের উদ্দেশ্যে সঞ্চয় করেছিলেন, তারা বিশেষ সুবিধা পাবেন।’
আরও পড়ুন: বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
এ সময় বহুল আলোচিত ‘ব্যাংক রেজুলিউশন আইন, ২০২৬’-এর একটি বিতর্কিত ধারা বাতিলের ঘোষণাও দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘ব্যাংক রেজুলিউশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারাটি নিয়ে বিভিন্ন অংশীজনের মধ্যে নানা মতামত ও উদ্বেগ তৈরি হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এ বিতর্কিত ধারাটি সম্পূর্ণভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’

