জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগের চার সদস্য পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পৃথক দুটি আদেশ জারি করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
আদেশ অনুযায়ী, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফর রহমানকে এনবিআরের সদস্য (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে এনবিআরের সদস্য তাসমিনা হোসেনকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইনভেস্ট বাংলাদেশ আইন ও নতুন আমদানি নীতি মন্ত্রিসভায় অনুমোদন
অন্য এক আদেশে এনবিআরের বিভিন্ন সদস্যের দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। এতে কাস্টমস ও ভ্যাট প্রশাসনের সদস্য মো. মোয়াজ্জেম হোসেনকে ভ্যাট নিরীক্ষা বিভাগে, সদস্য সৈয়দ মুশফিকুর রহমানকে মূসক নিরীক্ষা বিভাগ থেকে শুল্ক ব্যবস্থাপনা ও আইটি বিভাগে এবং সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্য (চলতি দায়িত্ব) মোহাম্মদ লুৎফুর রহমানকে কাস্টমস ও ভ্যাট প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে।

