ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (গ্র্যাজুয়েশন) পাস নির্ধারণের নির্দেশ কেন দেওয়া হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের দুই আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খানের দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।
আরও পড়ুন: স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকাতে ইসিকে জামায়াতের চিঠি
রুলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ২৬-এর অধীনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত স্নাতক ডিগ্রি নিশ্চিত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
রিটকারী আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান আদালতে যুক্তি উপস্থাপন করে বলেন, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রাম আদালতের মাধ্যমে প্রায় তিন লাখ টাকা মূল্যমানের বিরোধ নিষ্পত্তির ক্ষমতা রাখেন। অথচ একই ধরনের বিচারিক ক্ষমতা প্রয়োগকারী একজন ম্যাজিস্ট্রেটকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
আরও পড়ুন: শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা প্রধানমন্ত্রীর
তিনি আরও বলেন, বর্তমান আইনে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থিতার ক্ষেত্রে কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত নেই। এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারা চ্যালেঞ্জ করে চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য অন্তত স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।
হাইকোর্টের এ রুলের পর বিষয়টি নিয়ে পরবর্তী শুনানিতে আদালতের সিদ্ধান্তের ওপর চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টি নির্ভর করবে।

