জাতিকে বিভক্ত করে দেশ এগিয়ে নেওয়া যায় না: প্রধানমন্ত্রী

জিটি রিপোর্ট

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান|ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতিকে বিভক্ত করে কোনোভাবেই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, জাতিকে দ্বিধাবিভক্ত করে নয়, বরং ঐক্যের ভিত্তিতেই উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে যেতে চায় সরকার।

শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

আরও পড়ুন: আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যেকের ত্যাগের যথাযথ মূল্যায়ন করা হবে। তবে এর অর্থ এই নয় যে কাউকে বঞ্চিত করা হবে। তিনি প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে নিয়মতান্ত্রিক বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জন কোনো একক ব্যক্তি বা একক দলের নয়; এটি দেশের প্রতিটি শান্তিপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন। যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের লক্ষ্য ছিল রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন, মানুষের ভাগ্যের উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, স্বৈরাচারী সরকার যেভাবে বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে মানুষের প্রতি অবিচার করেছে, সেই পথ অনুসরণ করা যাবে না। আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করেই দেশ পরিচালিত হবে।

আরও পড়ুন: ৭১-এর ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না: জামায়াতকে মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। ভবিষ্যতে কোনো অপশক্তি যেন দেশ গঠনের এই লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, তাদের প্রকৃত সম্মান জানাতে হলে কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। দেশ সমৃদ্ধির পথে এগোতে পারলে শহীদ পরিবারের সদস্যরা গর্বের সঙ্গে বলতে পারবেন, তাদের স্বজনদের সর্বোচ্চ আত্মত্যাগ দেশের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!