সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির একটি ওয়াচটাওয়ার থেকে জামিল আহমেদ নামে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে মিনাটিলা সীমান্ত ফাঁড়ি (বিওপি) থেকে সহকর্মীরা ওয়াচটাওয়ারে তার মরদেহ দেখতে পান। নিহত জামিল আহমেদ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনে মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: নতুন পে-স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে না: তথ্য উপদেষ্টা
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে মিনাটিলা বিওপির ওয়াচটাওয়ারে জামিল আহমেদকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তার সহকর্মীরা। পরে খবর পেয়ে জৈন্তাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় বিজিবির এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন: ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা
জামিল আহমেদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বা প্রেক্ষাপট তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ ও পেছনের পরিস্থিতি জানতে বিজিবি ও পুলিশ পৃথকভাবে তদন্ত করছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

