কাফরুলে ইট নিক্ষেপে আহত যুবকের মৃত্যু, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

জিটি রিপোর্ট

প্রকাশ:

মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে হামলাকারী
মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে হামলাকারী |ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুলে মোটরসাইকেল চালানোর সময় মাথায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া যুবক রাফি (নাম সম্পূর্ণ জানা যায়নি) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২২ জুন) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ১০ জুন রাত আনুমানিক ১টা ২০ মিনিটে কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রাফি। এ সময় পূর্ব শত্রুতার জেরে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে প্রধান অভিযুক্ত পারভেজ তার মাথার ডান পাশে একটি ইট নিক্ষেপ করে। এতে গুরুতর আহত হয়ে তিনি মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান।

এরপর হামলাকারীরা তাকে একটি অটোরিকশায় তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। পুরো ঘটনাটি আশপাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

গুরুতর আহত অবস্থায় রাফিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন চৌধুরী বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। রাফির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে নাগরিক স্বীকৃতি দিল মিয়ানমার

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের ঘটনা বলে ধারণা করা হলেও তদন্তে ভিন্ন তথ্য উঠে আসে। তদন্তে জানা যায়, এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট পূর্ব বিরোধের জেরে এ হামলা চালানো হয়।

এ ঘটনায় পুলিশ পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২) নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। এছাড়া মামলার আরেক আসামি আমিনকে র‌্যাব গ্রেপ্তার করেছে। অপর আসামি ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!