বর্তমান অর্থনৈতিক চাপ মোকাবিলা ও ব্যয় নিয়ন্ত্রণের অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি কেনার ঋণ সুবিধা স্থগিত করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ শুক্রবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন: হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ধরনের ছুটি বাতিল
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই ঋণ সুবিধা আপাতত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ কার্যক্রমও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণের ব্যয় ৫০ শতাংশ কমানো, সভা-সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ হ্রাস, সেমিনার ও সম্মেলনের ব্যয় ২০ শতাংশ কমানো এবং ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্তের কথাও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমান অর্থনৈতিক চাপ মোকাবিলায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৪৩ বিলিয়ন ডলার
আগের নীতিমালা অনুযায়ী, উপসচিব পদমর্যাদা বা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ পেতেন। একই সঙ্গে গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনের জন্য মাসে ৫০ হাজার টাকা ভাতা এবং বছরে ১০ শতাংশ হারে অবচয়ের সুবিধাও পেয়ে আসছিলেন তারা।

