লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, আহত আরেক কিশোরী

জিটি রিপোর্ট

প্রকাশ:

ঢামেকে পাঠানো হয়েছে আহত কিশোরীকে
ঢামেকে পাঠানো হয়েছে আহত কিশোরীকে|ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে পরিবারের আরেক কিশোরী সদস্য, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে পৌরসভার ধানহাটা এলাকার ডাকাতিয়া নদীরপাড়ে একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার হোমনা পৌরসভার লইট্রা গ্রামের মৃত হকার কামাল হোসেনের স্ত্রী শাহিনুর বেগম এবং তার দুই মেয়ে সায়মা আক্তার ও ইকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমঘটিত বিষয় ও অর্থ লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত এক হকার যুবককে স্থানীয় লোকজন আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

আরও পড়ুন: প্রতারণার অভিযোগে আবারও গ্রেপ্তার চিত্রনায়িকা ববির স্বামী

রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুর রাশেদ জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আটক যুবক গণপিটুনিতে আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। এ সময় উত্তেজিত জনতার ছোড়া ইটপাটকেলে পুলিশের ৬ থেকে ৭ জন সদস্য আহত হন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!