রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মত প্রকাশ করেন।
আরও পড়ুন: সেপ্টেম্বর অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী
আসিফ নজরুল লেখেন, তাঁর মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদের জন্য উপযুক্ত ব্যক্তি। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির মহাসচিব হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল, নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ স্বীকার করেছেন। পাশাপাশি তিনি তাঁকে ব্যক্তিত্বসম্পন্ন, মডারেট, সদাচারী ও দক্ষ বক্তা বলেও উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দীর্ঘদিনের পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছেও তিনি অত্যন্ত আস্থাভাজন ছিলেন বলে মন্তব্য করেন।
আরও পড়ুন: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আসিফ নজরুল আরও উল্লেখ করেন, বিএনপিতে রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য আরও কয়েকজন নেতা রয়েছেন। তবে তাঁর ব্যক্তিগত মূল্যায়নে, সব দিক বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই সবচেয়ে এগিয়ে এবং রাজনীতিবিদদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি করা হলে তিনিই সবচেয়ে উপযুক্ত প্রার্থী হতে পারেন।
দ্রষ্টব্য: এটি আসিফ নজরুলের ব্যক্তিগত মতামত। রাষ্ট্রপতি পদে কোনো প্রার্থীর বিষয়ে এখন পর্যন্ত সরকার বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

