মোহাম্মদপুরে পুলিশের এসআইকে কুপিয়ে জখম, তদন্তে পুলিশ

জিটি রিপোর্ট

প্রকাশ:

জড়িতদের খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
জড়িতদের খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী|ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনিকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলায় তাঁর পিঠে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং চিকিৎসক ৪৩টি সেলাই দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের মেইন রোডে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: গাজী নজরুলের আরও ভিডিও ভাইরাল, চলছে নানা আলোচনা

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থাতেও হামলাকারীকে ধাওয়া করার চেষ্টা করেন তিনি, তবে তাকে আটক করা সম্ভব হয়নি।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবউজ্জামান তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে তাঁদের ধারণা, পূর্বশত্রুতার কারণেই হামলা হয়ে থাকতে পারে।

আরও পড়ুন: গঠনতন্ত্রের ৬২ ধারায় বহিষ্কার জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল

হাসপাতাল সূত্রে জানা গেছে, এসআই ওসমান গনির পিঠে অন্তত ৪৩টি সেলাই লেগেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ভুক্তভোগীর দাবি, গত ২২ জুলাই সকালে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি তাঁর বাসার সামনে এসে পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে কথা বলেছিলেন। হামলার সঙ্গে ওই ব্যক্তিদের সম্পৃক্ততা থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!