রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের ঘটনায় মিরাজ আহমেদ (৩৩) নামে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মচারী আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
মিরাজ আহমেদ জানান, তার বাসা মতিঝিলের আরামবাগ এলাকায়। তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত। শুক্রবার রাতে মতিঝিল মেট্রোরেল স্টেশনের পাশ দিয়ে বাসায় ফেরার পথে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় বিস্ফোরণের স্প্লিন্টার তার বাম চোখের নিচে এসে লাগে।
আরও পড়ুন: সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, শুরু সাংবিধানিক প্রক্রিয়া
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্প্লিন্টারের আঘাতে আহত এক পথচারীকে রাতে হাসপাতালে আনা হয়েছে। তার বাম চোখের নিচে আঘাত লেগেছে এবং বর্তমানে হাসপাতালের চক্ষু বিভাগে তার চিকিৎসা চলছে।

