রাজধানীর মুগদায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।মঙ্গলবার (২ জুন) রাত ৯টার দিকে মুগদার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে তানভীর হোসেইন শুভর কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। পাশাপাশি তার বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পায়।
মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ডিএমপির মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান লেন বলেন, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাসার একটি কক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, এ মুহূর্তে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে বিষয়টি পরিষ্কার হবে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের ফলাফল পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

