নরসিংদীর পলাশ উপজেলায় একটি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালিয়ে নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম লুট করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার ঘোড়াশাল এলাকার ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন ওই উপকেন্দ্রে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ এবং নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে তিনটি মোটরসাইকেলে আসা ৫-৬ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা চলমান লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইচের ব্লেড, কন্ট্রোল প্যানেলের কেবল ও রাইজারের তার কেটে নিয়ে যায়।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের নামে প্রতারণা: আটক ৪
এ ঘটনায় পলাশ উপজেলার ভাগদী, রাজাবসহ অন্তত চারটি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে, ফলে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন।
ঘোড়াশাল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, ঘটনার পরপরই বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করা হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

