নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১৪

জিটি রিপোর্ট

প্রকাশ:

ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে
ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে|ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত অন্তত ১৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে আহতরা ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

আরও পড়ুন: গণস্বাস্থ্য কেন্দ্র ৩০০০০ বেতনে নিয়োগ দেবে অফিসার, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত

আহতদের কাছ থেকে জানা যায়, নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে বসানো দোকান থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব এ.কে.এম. চঞ্চল, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার, সদস্যসচিব শাহাদাত এবং সোহেল, সুমন ও আজিমসহ ৪০-৫০ জন ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের ওপর হামলা চালান।

এ সময় দেশীয় অস্ত্র, লাঠি ও ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাত হোসেনের গ্রুপের নেতাকর্মীদের কাছে হামলার খবর পৌঁছালে তারা প্রিয়াঙ্গন মার্কেটসংলগ্ন বসুন্ধরা গলিতে গেলে সেখানে আবারও সংঘর্ষ বাধে। এতে এলাকায় ব্যাপক ভাঙচুর, হামলা-পাল্টা হামলা ও আতঙ্কের সৃষ্টি হয়।

আরও পড়ুন: বিশ্বসেরা ৩০ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন—ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, সুমন সিকদার, আহ্বায়ক সদস্য সাগর খান, সায়মন ইসলাম, সদস্য মুসফিকুর রহিম, জিহাদুল ইসলাম, শাকিব হাসান ও ইমরান হোসেন।

অন্যদিকে, নিউমার্কেট থানা যুবদলের চঞ্চল গ্রুপের জাকির (৫০), জাকির (৩৮), সুমন (২৮), শাহ আলম (২৮), ইদ্রিস (৪৫) ও রাকিব (৩২) আহত হয়েছেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, সংঘর্ষে রাত ১১টা পর্যন্ত ১৪ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!