বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, জাতীয় স্বার্থ, মর্যাদা এবং জনগণের কল্যাণকে সমুন্নত রেখে সম্মানজনক ও ভবিষ্যতমুখী অংশীদারিত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (২৫ জুন) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পরিচয়পত্র পেশ করেন। পরে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এ কথা বলেন।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, তার দায়িত্বকাল বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও সুদৃঢ়, ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করতে সহায়ক হবে।
আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীসহ মা ও বোনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন
রাষ্ট্রপতি বলেন, নিকটতম প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়ন অংশীদার হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সীমান্ত সমস্যাসহ অমীমাংসিত বিভিন্ন ইস্যুর সমাধানে ইতিবাচক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
জবাবে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি জানান, সম্প্রতি বিএসএফ ও বিজিবির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সীমান্ত সমস্যা সমাধানে স্থানীয় ও উচ্চপর্যায়ে নিয়মিত বৈঠক আরও কার্যকর ভূমিকা রাখবে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় আরও বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ প্রধানমন্ত্রীর
এ সময় ভারতের রাষ্ট্রপতি ও দেশটির নেতৃত্বের শুভেচ্ছা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন দীনেশ ত্রিবেদী এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি হাইকমিশনারের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির প্রতি শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

