রাজধানীর ফার্মগেট ও মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় পৃথক দুটি সন্দেহজনক বস্তু ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল দুটি ঘিরে রেখেছে পুলিশ এবং বিষয়টি পরীক্ষা করতে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিমকে ডাকা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি চটের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: গুম-নির্যাতনের অভিযোগে বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে ‘আয়না ঘর’ পরিদর্শন
এদিকে দুপুর ১২টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকার মেট্রো স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তু থাকার সন্দেহ দেখা দেয়। খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।
গণমাধ্যমকে পুলিশ সূত্র জানায়, ব্যাগটির ভেতরে বিস্ফোরক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাকে কেন্দ্র করে উভয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে থাকতে নির্দেশ দিয়েছে পুলিশ।

