ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন

জিটি রিপোর্ট

প্রকাশ:

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়|ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা সড়ক অবরোধ করলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ ফ্রান্স–মরক্কোর একাদশে থাকছেন যারা

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবোঝাই ট্রাক সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এসে চাকা ফেটে উল্টে যায়। এতে সড়কে ডিম ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেগুলো সংগ্রহ করতে এগিয়ে আসেন। এ সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা লোকজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন: চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্থানীয়দের ভাষ্য, নিহতদের মধ্যে ডিমবোঝাই ট্রাকের চালক রয়েছেন। অন্য চারজন হলেন সোয়াদী এলাকার লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭) ও ওবায়দুর (৪০)। ওবায়দুরের বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত অপর একজনের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। ট্রাকচালক ছাড়া নিহত ও আহতদের সবাই সোয়াদী ও আশপাশের এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানানো সম্ভব হয়নি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!