প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত ফেনী সফর স্থগিত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর তিনি ফেনী সফর করবেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সফরের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম।
তিনি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে আগামী ১৭ সেপ্টেম্বরের নির্ধারিত সফরটি স্থগিত করা হয়েছে। নতুন নির্ধারিত তারিখ অনুযায়ী, ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন।
আরও পড়ুন: মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে
সফর স্থগিত হলেও পরশুরাম ও ফুলগাজী উপজেলায় স্থানীয় প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে নেওয়া প্রস্তুতি অব্যাহত রয়েছে। সম্প্রতি একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে এসব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে উদ্বোধনী ফলক স্থাপন ও জনসভাস্থল প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ইতোমধ্যে প্রস্তাবিত অনুষ্ঠানস্থল ও আশপাশের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছে।
আরও পড়ুন: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষককে স্থায়ী বহিষ্কার
এদিকে, পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণের প্রস্তুতিও চলছে। পাশাপাশি ফেনী-পরশুরাম প্রধান সড়কের সংযোগস্থলে মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ।
ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, মুহুরী ও কহুয়া নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকাকে বন্যা ও নদীভাঙন থেকে রক্ষা করতে ১ হাজার ৫৪২ কোটি টাকার প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফর পিছিয়ে গেলেও স্থানীয় মানুষের মধ্যে এ নিয়ে উৎসাহের কোনো কমতি নেই।
আরও পড়ুন: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া জানান, সভাস্থলে বিশুদ্ধ পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপনসহ সার্বিক প্রস্তুতি সমন্বিতভাবে সম্পন্ন করা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, একই সফরে পার্শ্ববর্তী ফুলগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ এবং খালেদা জিয়ার মহিলা কলেজ সরকারীকরণের কর্মসূচির প্রস্তুতিও অব্যাহত রয়েছে।

