জোনায়েদ সাকি

প্রকল্প পরিচালকদের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার

জিটি রিপোর্ট

প্রকাশ:

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি|ছবি: সংগৃহীত

প্রকল্প বাস্তবায়নের গতি ও মান উন্নয়নে প্রকল্প পরিচালক নিয়োগ, তাদের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রকল্প পরিচালক নীতিমালা প্রণয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের চলমান ও এডিপিভুক্ত অননুমোদিত নতুন প্রকল্প নিয়ে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় স্থানীয় সরকার বিভাগ ও পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জের পথে এনসিপি, শ্রীমঙ্গলে পুলিশি বাধা

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উন্নয়ন প্রকল্পগুলো নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী প্রকল্প পুনর্বিন্যাস ও সংশোধনের মাধ্যমে সরকারের নির্বাচনী ইশতেহার এবং কর্মপরিকল্পনার প্রতিফলন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উন্নয়ন পরিকল্পনায় দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী চিন্তার সমন্বয় ঘটাতে হবে।

তিনি প্রকল্পগুলোকে বিষয়ভিত্তিক ক্লাস্টারের আওতায় আনার পরামর্শ দিয়ে বলেন, এতে পৃথক প্রকল্পের পরিবর্তে সমন্বিত কর্মসূচির ভিত্তিতে মূল্যায়ন, তদারকি ও ফলাফল পরিমাপ সহজ হবে এবং উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে।

জোনায়েদ সাকি আরও বলেন, পল্লী উন্নয়ন খাতে সরকারি ও বেসরকারি অনেক সংস্থা কাজ করছে। তাই অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। গ্রামের মানুষকে মূলধারার অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করতে পারলেই টেকসই উন্নয়ন সম্ভব হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!