রাজধানীর মিরপুরে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামীকাল রবিবার (৭ জুন) ঘোষণা করা হবে। মামলা দায়েরের মাত্র ১৯ দিনের মাথায় মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছেছে, যা দ্রুত বিচার প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ৭ জুন দিন নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১৯ মে সকালে মিরপুরে প্রতিবেশী এক ভাড়াটিয়ার ফ্ল্যাটে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক শোক, ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়।
আরও পড়ুন: টানা ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি ওঠে। সরকারের উচ্চপর্যায় থেকেও দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।
ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। একই দিন আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠায়।
গত ১ জুন আদালত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু করেন। পরদিন অভিযোগপত্রভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। বিচার চলাকালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

