ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ১০টার দিকে পৌর এলাকার তারাপুর মাঠে সমাবেশ চলাকালে মঞ্চের সামনে এ হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন দিকে ছোটাছুটি করেন।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসান জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, এনাম মেডিকেল কলেজের শিক্ষার্থী স্টার মো. শাহীন খান্দকার (৩০), মো. জসিম (২৬) এবং মো. শাহাদাত হোসেন (৪০)। অপর একজনের পরিচয় জানা যায়নি।
ঘটনার পর রাত ১০টার দিকে সমাবেশ শেষ করে এনসিপির নেতা-কর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন।
আরও পড়ুন: মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব স্কুল-কলেজ, প্রতিটি ক্লাসরুমে বসবে সিসিটিভি ক্যামেরা
সেখানে এনসিপির আহ্বায়ক ও এমপি নাহিদ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দলের কর্মসূচি পালনের গণতান্ত্রিক অধিকার রয়েছে। পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল সবার নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু পুলিশ প্রশাসন ও এ এলাকার এমপি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।
তিনি বলেন, কে বোমা হামলা করেছে বা কীভাবে হামলা হয়েছে, তা আমরা জানি না। তবে এর দায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। সন্ত্রাসীরা কীভাবে পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বোমা হামলার সুযোগ পেল, সেটির জবাব আমরা চাই।
নাহিদ ইসলাম আরও বলেন, আমরা জানি এই এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের সঙ্গে কারা জড়িত। কারা দুর্নীতি, সন্ত্রাস ও মাদক কারবারের সঙ্গে যুক্ত, সেটাও আমরা জানি। তারা ভেবেছিল হামলা চালিয়ে আমাদের আন্দোলন থামিয়ে দেবে। কিন্তু তা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের জীবন গেলে রাজপথেই যাবে।
পরে নাহিদ ইসলাম, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও এমপি হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ একটি প্রতিনিধিদল নিয়ে সাভার মডেল থানায় প্রবেশ করেন। এ সময় থানার সামনে অবস্থান নেওয়া নেতা-কর্মীরা সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুন: জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশে
ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে সাভার মডেল থানা বা জেলা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ কথা বলতে রাজি হননি।
এর আগে সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামসহ এনসিপির অন্যান্য নেতার সমাবেশস্থলে পৌঁছানোর কথা ছিল। তবে যানজটের কারণে তারা রাত সাড়ে ৯টার দিকে সেখানে পৌঁছান। তারা মঞ্চে ওঠার ঠিক আগ মুহূর্তে সমাবেশস্থলের বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।

