সারের মজুত রোধে প্রশাসন ও ডিলারদের সঙ্গে এমপির মতবিনিময়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

কৃষকদের ন্যায্য মূল্যে সার প্রাপ্তি নিশ্চিতে প্রশাসন ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী
কৃষকদের ন্যায্য মূল্যে সার প্রাপ্তি নিশ্চিতে প্রশাসন ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী |ছবি: সংগৃহীত

কৃষকদের ন্যায্য মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে এবং সারের সঙ্কট, মজুত ও অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধে প্রশাসন ও সার ডিলারদের সঙ্গে মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।

মো. রায়হান সিরাজী বলেছেন, কৃষকদের স্বার্থের বিরুদ্ধে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘অধিক মূল্যে সার বিক্রির অভিযোগ আগামীতে আর শুনতে চাই না।’ 

তিনি ডিলারদের প্রতি নির্দেশনা দেন যাতে প্রত্যেক ডিলার নিজ নিজ দোকানে সারের মজুতের পরিমাণ ও মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করেন।

এছাড়া তিনি সার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে রশিদ ছাড়া কোনো ধরনের লেনদেন না করার জন্য ডিলারদের কঠোরভাবে নির্দেশ দেন। তিনি আরও বলেছেন, কৃষকদের যাতে কোনোভাবেই হয়রানি বা প্রতারণার শিকার হতে না হয়, সে বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সার ডিলার, কৃষি বিভাগের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

সভায় সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার পৌঁছে দেয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!