শিবিরের বহিষ্কৃত নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর

জিটি রিপোর্ট

প্রকাশ:

ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক|ছবি: সংগৃহীত

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২১ জুন) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তৈয়ব উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১১ জুন জিসান মিয়া প্রধান নিখোঁজ হয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরদিন দাউদকান্দি মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। একই দিন রাতে কুমিল্লার লাকসাম জংশন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রামিসা হত্যা মামলার রায় আগামীকাল

এদিকে, ২৫ বছর বয়সী এক নারী দাউদকান্দি মডেল থানায় জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে গত ১৬ জুন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে হাজির করে। পরে আদালত তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ জিসানকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিবির ওসি শামছুল আলম শাহ বলেন, “আদালত জিসান মিয়া প্রধানকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।”

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!