শীর্ষ ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

জিটি রিপোর্ট

প্রকাশ:

গ্রেপ্তাকৃত ৩ জন আসামি
গ্রেপ্তাকৃত ৩ জন আসামি|ছবি: ডিএমপি

রাজধানীর ধানমন্ডি এলাকায় একাধিক হত্যা ও ছিনতাই মামলার শীর্ষ আসামিদের গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় আত্মরক্ষার্থে গুলি চালালে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে তিনজনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— মো. পলাশ সরকার ওরফে পলাশ (২৯), সাকিব সরকার ওরফে সাকিব (২০) এবং বিপ্লব হোসেন (৩১)।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: গাজীপুরে নৃশংস হত্যাকাণ্ড, একই পরিবারের পাঁচজন নিহত

মঙ্গলবার (১২ মে) ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধানমন্ডি থানার একটি মামলার সন্দেহভাজন আসামিরা মোহাম্মদপুরের টাউন হল এলাকায় অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশের টহল দল সেখানে যৌথ অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় মো. পলাশ সরকার ওরফে পলাশ একটি চাইনিজ কুড়াল দিয়ে ধানমন্ডি থানার এসআই মো. সাইফুল আলমকে আঘাত করলে তার বাম পায়ের হাঁটুর নিচে গুরুতর জখম হয়।

এদিকে, গ্রেপ্তার সাকিব সরকার ওরফে সাকিব চাপাতি দিয়ে এসআই সাইফুল আলমকে হত্যার উদ্দেশ্যে কোপ দেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে। এতে সাকিবের বাম পায়ের কনিষ্ঠ আঙুলে গুলি লাগে।

পুলিশ আরও জানায়, পলাশ এসআই সাফায়েদুর রহমানের ওপরও হামলা চালিয়ে কিল-ঘুষি মারে।

আরও পড়ুন: শিশু অন্তঃসত্ত্বা ঘটনায় র‍্যাবের অভিযানে মাদরাসা পরিচালক আটক

পরে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা কয়েকজন অজ্ঞাতনামা সহযোগী পালিয়ে যায়।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, দুটি ছুরি, একটি ফোল্ডিং ছুরি, একটি খেলনা পিস্তল, বিভিন্ন মডেলের আটটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তাররা একটি শীর্ষ ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের মধ্যে মো. পলাশ সরকারের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এস/এম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!