গণপরিবহনের চলাচল নিয়ন্ত্রণ, রুট ব্যবস্থাপনা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শনিবার (১ আগস্ট) থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার।
নতুন নিবন্ধন কিংবা ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত থাকার প্রমাণ এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এর কার্যকারিতা প্রদর্শন করতে হবে। সরকারের এই উদ্যোগের লক্ষ্য গণপরিবহনের চলাচলে কার্যকর নজরদারি নিশ্চিত করা এবং সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা।
আরও পড়ুন: সরকারকে পাঁচ বছর দেশ চালাতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
সরকারি নির্দেশনা অনুযায়ী, কোনো গণপরিবহনে জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে নতুন নিবন্ধন, ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না। এ বিষয়ে পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, শুধু প্রযুক্তি ব্যবহার করলেই কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। প্রযুক্তির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সংসদের দিকে: ভারপ্রাপ্ত স্পিকার
বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, নতুন নিবন্ধনের জন্য আসা প্রতিটি গাড়িতে জিপিএস সংযুক্ত থাকা বাধ্যতামূলক। একইভাবে ফিটনেস সনদ নবায়নের সময়ও জিপিএসের উপস্থিতি ও কার্যকারিতা যাচাই করা হবে। এ লক্ষ্যে বিআরটিএ নিজস্ব প্রযুক্তিনির্ভর যাচাই ব্যবস্থা তৈরি করছে, যাতে সহজেই নিশ্চিত করা যায় কোনো যানবাহনের জিপিএস সচল রয়েছে কি না।

