সংবিধান সংশোধন–সংক্রান্ত বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। সোমবার (১৩ জুলাই) রাত ৯টা ২৩ মিনিটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
ওয়াকআউটের আগে সংসদে বক্তব্য দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দুটি শপথ নিয়েছি—একটি সংসদ সদস্য হিসেবে, অন্যটি সংস্কার পরিষদের সদস্য হিসেবে। দুটি শপথই এখনো বহাল রয়েছে। সেটিকে পাশ কাটিয়ে যদি নতুন কমিটি গঠন করা হয়, তাহলে আমরা তা প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের আগের অবস্থানেই আছি।’
আরও পড়ুন: বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
তিনি বলেন, ‘গণতন্ত্রের মূল দাবি হলো জনগণের মতামতকে সম্মান করা। ৭০ শতাংশের পাশাপাশি জনগণের মতামতও গুরুত্বপূর্ণ। গণভোটের মতামত যদি এভাবে উপেক্ষিত হয়, তাহলে ভবিষ্যতে মানুষ শুধু গণতান্ত্রিক এ ব্যবস্থার ওপর আস্থা হারাবে না, বরং বিদ্রোহী হয়ে উঠতে পারে।’
জনগণের মতামতকে অগ্রাহ্য না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু জনগণের মতামতের প্রতি সম্মান দেখানো হচ্ছে না, তাই আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।’
এর আগে সংসদ নেতা পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম সংবিধান সংশোধন–বিষয়ক বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে বিশেষ কমিটি গঠন করা হয়।

