ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন ঢাকা-২ আসনের বিএনপির সংসদ সদস্য আমানউল্লাহ আমান, লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন, ভোলা-২ আসনের মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, নোয়াখালী-১ আসনের এ এম মাহবুব উদ্দিন খোকন, চাঁদপুর-২ আসনের মোহাম্মদ জালালউদ্দিন, ময়মনসিংহ-৭ আসনের মো. মাহবুবুর রহমান, খুলনা-৪ আসনের এস কে আজিজুল বারী হেলাল, দিনাজপুর-১ আসনের মোহাম্মদ মনজুরুল ইসলাম, নওগাঁ-৩ আসনের ফজলে হুদা এবং ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন।
আরও পড়ুন: ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের ও জুমার
এ ছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদিন, চুয়াডাঙ্গা-২ আসনের মো. রুহুল আমিন এবং কুড়িগ্রাম-১ আসনের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি রাষ্ট্রের অর্থ ব্যয়, নিরীক্ষা আপত্তি এবং সরকারি হিসাবের জবাবদিহি তদারকির দায়িত্ব পালন করে। বাজেট অনুমোদনের পর সরকারি অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, নিরীক্ষায় কী ধরনের অনিয়ম ধরা পড়ছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো সেসব বিষয়ে কী জবাব দিচ্ছে, তা পর্যালোচনায় এ কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

