সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা: মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

জিটি রিপোর্ট

প্রকাশ:

মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ
মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ|ছবি: সংগৃহীত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা। মানববন্ধন থেকে অবিলম্বে সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সংবাদ সংগ্রহের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

রবিবার (৩ মে) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)। এতে সুপ্রিম কোর্টে দায়িত্ব পালনকারী শতাধিক সাংবাদিক অংশ নেন।

আরও পড়ুন: আজ শপথ নেবেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত চার মাস ধরে আপিল বিভাগের এজলাস এবং হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এতে আদালতের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহে বাধার সৃষ্টি হচ্ছে।

সাংবাদিক নেতারা বলেন, আদালত কক্ষ একটি পাবলিক প্লেস, যেখানে বিচার কার্যক্রম সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকার কথা। সেখানে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া শুধু পেশাগত প্রতিবন্ধকতা নয়, এটি সংবিধানের ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মতপ্রকাশ ও সংবাদ সংগ্রহের মৌলিক অধিকারেরও লঙ্ঘন।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে গণমাধ্যমকর্মীরা আপিল বিভাগের এজলাস কক্ষে অবাধে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করে আসছিলেন। তবে প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব গ্রহণের পর থেকে মৌখিকভাবে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

আরও পড়ুন: গুলশানে বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বক্তারা বলেন, অবাধ তথ্যপ্রবাহ ও স্বচ্ছ বিচারব্যবস্থা নিশ্চিত করতে আদালতসহ সব পাবলিক প্লেসে সাংবাদিকদের প্রবেশাধিকার বজায় রাখা রাষ্ট্র ও প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুর রহমান রানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্নাসহ অন্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, বর্তমান কোষাধ্যক্ষ কামরুল ইসলাম ফকির, দফতর সম্পাদক মাঈনুল আহসান, কার্যনির্বাহী কমিটির সদস্য দিদারুল আলম, সৈয়দা সাবরিনা মজুমদারসহ সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকরা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!