তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি নির্বাচনের আগে জনগণের কাছে সরকারের অন্যতম অঙ্গীকার ছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে এবং সমন্বিত পানি ব্যবস্থাপনার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: শিক্ষকদের অবসর ভাতা দিতে ২ হাজার কোটি টাকার থোক বরাদ্দ হয়েছে: শিক্ষামন্ত্রী
তিনি জানান, মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে কাজ শুরু করেছে। পাশাপাশি এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নিতে আট সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রী বলেন, নবগঠিত কমিটি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে তাদের সুপারিশ ও পর্যবেক্ষণসম্বলিত প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে।

