ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য উপহার হিসেবে রাজ্যের বিখ্যাত ‘কিউ’ জাতের ৬০০টি আনারস পাঠিয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এসব আনারস বাংলাদেশে পৌঁছায়।
জানা গেছে, ১০০টি কার্টনে করে পাঠানো এই আনারসগুলো স্বাদ ও গুণগত মানের জন্য ত্রিপুরাজুড়ে বিশেষভাবে পরিচিত।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা হাইকমিশনারের
আখাউড়া-আগরতলা স্থলবন্দরের শূন্যরেখায় ত্রিপুরা সরকারের পক্ষে কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সচিব অপূর্ব রায়, উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগের পরিচালক ড. ফণিভূষণ জমাতিয়া এবং আগরতলা কাস্টমসের সুপারিনটেনডেন্ট দেবাশীষ নন্দী উপহারের আনারস ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস ও সজীব চক্রবর্তীর কাছে হস্তান্তর করেন।
পরে ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে এসব আনারস ঢাকায় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ত্রিপুরা সরকারের কর্মকর্তারা জানান, গত ৩০ জুন বাংলাদেশের পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা আম উপহার দেওয়া হয়েছিল। সেই সৌজন্যের প্রতিদান হিসেবেই এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার বিখ্যাত আনারস পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জের পথে এনসিপি, শ্রীমঙ্গলে পুলিশি বাধা
ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সচিব অপূর্ব রায় বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এই উপহারের আয়োজন করা হয়েছে।
আনারস হস্তান্তরের সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ মো. আলাউদ্দিন, আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সহকারী রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসান এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

