আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, তারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের মেয়াদকালে দেশটিকে সহায়তা অব্যাহত রাখতে আগ্রহী।
শুক্রবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক-আইএমএফ বসন্তকালীন সভার সাইডলাইনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে আইএমএফের দুটি বৈঠকে এ কথা জানানো হয়।
আরও পড়ুন: জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বৈঠকটি সকালে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন ও তাঁর দলের সঙ্গে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বৈঠকটি বিকেলে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্ক ও তাঁর দলের সঙ্গে হয়।
উভয় বৈঠকই ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় অর্থমন্ত্রী বর্তমান সরকারের শাসনব্যবস্থা ও বিএনপির নির্বাচনি ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন।
আলোচনায় রাজস্ব আদায় বৃদ্ধি এবং ব্যাংকিং ও আর্থিক খাতে সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। অধিকাংশ বিষয়ে দুই পক্ষ একমত হলেও কিছু বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে উভয়পক্ষ স্বীকার করেছে।
আরও পড়ুন: সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী
অর্থমন্ত্রী জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরেন। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও পারস্পরিক আলোচনা ও সংলাপের মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে দুইপক্ষই একমত হয়েছে।
এদিকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং জানিয়েছে, কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত ‘আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে’- এমন খবর সম্পূর্ণ অসত্য।

