প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলারে (৩৬,৫৯২ দশমিক ৬৮ মিলিয়ন ডলার) পৌঁছেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড (বিপিএম৬) অনুসারে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩১ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার (৩১,৭৭৬ দশমিক ২৭ মিলিয়ন ডলার)।
আরও পড়ুন: গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম তিন দিনে (১-৩ আগস্ট) দেশে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের ২২০ মিলিয়ন ডলারের তুলনায় যা ৮৪ দশমিক ৪ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ৩ আগস্ট একদিনেই দেশে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
চলতি অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত (জুলাই-৩ আগস্ট) মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ দশমিক ৬৯৮ বিলিয়ন মার্কিন ডলার। ফলে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৯ শতাংশ।

