চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা, প্রশাসক নিয়োগ

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত|ছবি: সংগৃহীত

আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন প্রক্রিয়ার আওতায় এনে প্রশাসক নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে।

অকার্যকর ঘোষিত প্রতিষ্ঠানগুলো হলো—আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

রবিবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন: বাংলাদেশ জাতীয় দলে সাকিবের আর ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় অঙ্কের মূলধন ঘাটতি, বিপুল পরিমাণ খেলাপি ঋণ ও বিনিয়োগ, প্রয়োজনীয় তারল্য সংরক্ষণে ব্যর্থতা, আয় সক্ষমতার অবনতি এবং আমানতকারী ও পাওনাদারদের দায় পরিশোধে অক্ষমতার কারণে প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, রেজল্যুশন বা পুনর্গঠন কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসক ও সহকারী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রশাসন, ব্যবস্থাপনা ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এমএ প্রোগ্রামে ভর্তিতে আবেদনপত্র আহ্বান

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ পদক্ষেপের মাধ্যমে আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং আমানতকারী ও অন্যান্য পাওনাদারদের স্বার্থ সংরক্ষণে কার্যকর অগ্রগতি হবে। একই সঙ্গে আর্থিক খাতের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!