প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের উল্লম্ফনের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও শক্ত অবস্থানে এসেছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩৪.৪৩ বিলিয়ন মার্কিন ডলার।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সদ্য শেষ হওয়া মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ পূর্বের সব রেকর্ড অতিক্রম করে নতুন উচ্চতায় পৌঁছেছে। এ সময়ে প্রায় ৪ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে, যা রিজার্ভ বৃদ্ধিতে বড় অবদান রেখেছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ হয়েছে ২৯.৮১ বিলিয়ন ডলার।
এর আগে ১ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪.২৫ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী ছিল ২৯.৬১ বিলিয়ন ডলার।
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখা, আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

