এফবিসিসিআই প্রশাসককে সহায়তায় ১৬ সদস্যের কমিটি গঠন

জিটি রিপোর্ট

প্রকাশ:

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)|ছবি: সংগৃহীত

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনিযুক্ত প্রশাসককে সংগঠনের কার্যক্রম পরিচালনায় সহায়তা করতে ১৬ সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করে মঙ্গলবার (৪ আগস্ট) জারি করা এক নোটিশে বলা হয়, ট্রেড অর্গানাইজেশনস আইন, ২০২২ অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।

এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হকের সই করা অফিস আদেশে উল্লেখ করা হয়, প্রশাসককে দায়িত্ব পালনে সহায়তা এবং সংগঠনের কার্যক্রম তদারকির লক্ষ্যে এ সহায়ক কমিটি গঠন করা হয়েছে।

এর আগে দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। এর মাধ্যমে এক মাসেরও বেশি সময় ধরে চলা নেতৃত্বসংক্রান্ত অনিশ্চয়তার অবসান ঘটে।

প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং আইসিসি বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য ফজলুল হক গত রোববার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন: সামুদ্রিক অর্থনীতিতে সম্ভাবনা থেকে বাস্তবায়নের পথ সুগম করা প্রয়োজন: আশিক চৌধুরী

গঠিত সহায়ক কমিটিতে চেম্বার গ্রুপ থেকে সাতজন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নয়জন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চেম্বার গ্রুপের সদস্যরা হলেন—ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসেন আলী, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. এবায়দুল হক চাঁদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন এবং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সংগীতা আহমেদ।

আরও পড়ুন: সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

অ্যাসোসিয়েশন গ্রুপের সদস্যরা হলেন—বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) সভাপতি মো. আবদুল হোসেন, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বিএপিআই) সভাপতি আবদুল মুক্তাদির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি আবদুল হাই সরকার, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলী আফজাল এবং লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।

আরও পড়ুন: গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নবনিযুক্ত প্রশাসকের নেতৃত্বে এই সহায়ক কমিটি পরিচালনা পর্ষদের মতো দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, “আমাদের প্রধান অগ্রাধিকার হবে সরকারের নির্দেশনা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে এফবিসিসিআইয়ের নেতৃত্ব নির্বাচিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা।”

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!