হটাৎ কমেছে রেমিট্যান্স প্রবাহ

জিটি রিপোর্ট

প্রকাশ:

৪৮৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে
৪৮৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে|ছবি: সংগৃহীত

চলতি জুন মাসের প্রথম তিন দিনে দেশে ৪৮৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ প্রায় ২০ শতাংশ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩ জুন একদিনেই দেশে ১১৬ দশমিক ৩১ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আর ১ থেকে ৩ জুন পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৪৮৩ দশমিক ০৫ মিলিয়ন ডলারে। বৃহস্পতিবার (৪ জুন) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের একই সময়ে, অর্থাৎ ১ থেকে ৩ জুন দেশে ৬০৩ দশমিক ৫১ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ১৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে।

তবে সামগ্রিকভাবে ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। চলতি অর্থবছরের ১ জুলাই ২০২৫ থেকে ৩ জুন ২০২৬ পর্যন্ত দেশে মোট ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৮ দশমিক ১১ বিলিয়ন ডলার। ফলে বছরওয়ারি হিসাবে রেমিট্যান্সে ১৮ দশমিক ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

আরও পড়ুন: মাঠ থেকে বাজারে আসতে কাঁচা মরিচের দাম বাড়ে ১১৬ শতাংশ, পেঁয়াজ ৮৭

এদিকে বৈদেশিক মুদ্রাবাজারে তারল্য ব্যবস্থাপনার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনেছে। প্রতি ডলারের কাট-অফ মূল্য নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সা।

এর ফলে জুন মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১০১ মিলিয়ন ডলারে। আর ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয় বেড়ে ৬ দশমিক ৪২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

সংশ্লিষ্টদের মতে, রেমিট্যান্স ও রফতানি আয় বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে নিয়মিত ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী করার সুযোগ পাচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!