প্রথম ১৯ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়াল প্রবাসী আয়

জিটি রিপোর্ট

প্রকাশ:

প্রথম ১৯ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়াল প্রবাসী আয়
প্রথম ১৯ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়াল প্রবাসী আয়|ছবি: সংগৃহীত

আগামী মাসে ঈদুল আযহা উপলক্ষে অনেক প্রবাসী আগেভাগেই দেশে টাকা পাঠাতে শুরু করেছেন। ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। এ ধারাবাহিকতায় চলতি এপ্রিলের প্রথম ১৯ দিনেই দেশে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এই প্রবণতা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় তিন বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে সামনে রেখে কোরবানির পশু কেনা ও পরিবারের অতিরিক্ত ব্যয়ের কথা বিবেচনায় নিয়ে প্রবাসীরা বেশি করে অর্থ পাঠাচ্ছেন। এর ফলে রেমিট্যান্স প্রবাহে গতি এসেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়ছে।

আরও পড়ুন: সরকারের সমালোচনা করে ফেসবুকে দীর্ঘ পোস্ট তাসনিম জারার

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিলের প্রথম ১৯ দিনে প্রবাসীরা ২১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা) অনুযায়ী, এর পরিমাণ ২৬ হাজার কোটি টাকার বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য আরও জানায়, গত মার্চে প্রবাসীরা ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে ফেব্রুয়ারিতে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছিলেন ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি কঠোর সতর্কবার্তা

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট ২ হাজার ৮৩৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!